কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসের মধ্যে শেষ হবে – সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ ছয় মাসের মধ্যে শেষ হবে – সড়ক পরিবহন প্রতিমন্ত্রী

ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে নির্মাণাধীন আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

তিনি বলেন, ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের একাংশ এখানে স্থানান্তরিত হবে। টার্মিনালটি চালু হলে রাজধানীর যানজট কমানোর পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে।

বুধবার বিকেলে নির্মাণাধীন বাস টার্মিনাল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে সম্পূর্ণ যানজটমুক্ত ও আধুনিক করার জন্য সমন্বিত বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন।

রাজধানীকে যানজটমুক্ত করতে সরকার সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে ঢাকা-সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু কার্যক্রম কেরানীগঞ্জ ও কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁচপুর টার্মিনালের কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ করে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে কাজ চলছে।

আওয়ামী লীগ সরকারের কার্যক্রমের সমালোচনা করে হাবিবুর রশিদ বলেন, পূর্ববর্তী সরকারের আমলে চারটি বাস টার্মিনালকে যত্রতত্র ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল।

যার খেসারত দিতে হয়েছে সাধারণ মানুষকে তীব্র যানজটে ভোগান্তির মাধ্যমে। বর্তমান সরকার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিগন্যাল পয়েন্টগুলোতে পর্যায়ক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনাও রয়েছে।

যোগাযোগব্যবস্থার সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ আরও জানান, ঢাকা-সিলেট হাইওয়ের চার লেনে উন্নীতকরণের কাজ ইতিমধ্যে ৪৮ শতাংশ শেষ হয়েছে।

দেশের সব সড়ক ও মহাসড়কের চলমান উন্নয়ন কাজগুলোও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। সড়ক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগতে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকার সব সিগন্যাল পয়েন্টে পর্যায়ক্রমে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে সড়কে শতভাগ শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে।

টার্মিনাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জিয়াউল হক, প্রধান প্রকৌশলী সৈয়দ ময়নুল হাসান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।