বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী

বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী
বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত

বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি, তথ্যপ্রযুক্তি ও উদীয়মান শিল্পখাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে সরকার প্রধান তারেক রহমান।।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সুযোগ নিয়ে ইতিবাচক মতবিনিময় হয়।

বৈঠকে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী।

আলোচনায় ওয়ালিদ এল-খেরেইজি বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে সৌদি আরব বাংলাদেশে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহী।

তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরবের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তিনি বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। সরকার এই সম্পর্ককে শুধু প্রচলিত সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতমুখী কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায়।

বৈঠকে সৌদি প্রতিনিধিদল জানায়, বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সামুদ্রিক খাদ্য (সি-ফুড), কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), নবায়নযোগ্য জ্বালানি এবং অন্যান্য উদীয়মান খাতে বিনিয়োগের ব্যাপারে সৌদি আরব আগ্রহী।

প্রধানমন্ত্রী বিশেষভাবে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দিয়ে বলেন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি বিনিয়োগ উভয় দেশের জন্য অর্থনৈতিক ও পরিবেশগতভাবে লাভজনক হতে পারে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি প্রতিনিধিদলের সদস্যরাও বৈঠকে অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।