নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৩ জুনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
শুক্রবার (১৯ জুন) রাজধানীর মিন্টো রোড-এ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এস এন নজরুল ইসলাম জানান, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতো প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে চেকপোস্ট কার্যক্রম চালু রয়েছে এবং তা অব্যাহত থাকবে। পাশাপাশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ‘কাইল্লা ফারুক’ নামে পরিচিত এক ব্যক্তির জামিনে মুক্তি পাওয়ার পর পুনরায় চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, জামিন দেওয়া বা না দেওয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। আদালতই আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করে।
তিনি আরও বলেন, রাজধানীতে সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, টহল ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে। ২৩ জুনকে সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ প্রস্তুত রয়েছে।




