বর্তমান বিশ্বের অন্যতম বড় চ্যালেঞ্জ পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ ভবনে এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসাল্টেটিভ বোর্ড (AAWC)-এর জেনারেল সেক্রেটারি হা সাং জে-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের দক্ষিণ কোরীয় প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, পানি সংকট বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশসহ অনেক দেশের জন্য এটি জীবন-মরণ সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আঞ্চলিক সহযোগিতা ছাড়া এ সংকটের টেকসই সমাধান সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় হা সাং জে বৈশ্বিক পানি সংকট মোকাবিলায় বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের এএডব্লিওসি’র কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ২০২৬ সালে লাওস-এ অনুষ্ঠিতব্য সংগঠনটির বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার জন্য স্পিকারকে আমন্ত্রণ জানান।
স্পিকার এএডব্লিওসি’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, ২০১৯ সাল থেকে সংগঠনটি আইনি ও নীতিগত কাঠামোর মাধ্যমে পানি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি বাংলাদেশের সংসদ সদস্যদের এ উদ্যোগে সম্পৃক্ত করার বিষয়ে সুপারিশ করবেন বলেও প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
এছাড়া লাওসে অনুষ্ঠিতব্য পরবর্তী বার্ষিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, এশিয়া ন্যাশনাল এসেম্বলি ওয়াটার কনসাল্টেটিভ বোর্ড (AAWC) এশিয়ার বিভিন্ন দেশের সংসদ সদস্যদের একটি আন্তঃসংসদীয় প্ল্যাটফর্ম, যা পানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নসংক্রান্ত আইন ও নীতিগত সহযোগিতা জোরদারে কাজ করে।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন কিম জি-জুন এবং ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।




