ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সরকারি সফরে ইরানের উদ্দেশে রওনা হন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ইরান সরকারের আমন্ত্রণে স্পিকার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তেহরানে অনুষ্ঠিতব্য রাষ্ট্রীয় জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, এই সফর বাংলাদেশের পক্ষ থেকে ইরানের প্রতি শোক ও সংহতি প্রকাশের পাশাপাশি দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতারও প্রতিফলন।
আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন বলে ইরান সরকার ঘোষণা দেয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খামেনি। ইরান-ইরাক যুদ্ধের শুরুর সময় তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাঁকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। দীর্ঘ ৩৬ বছর তিনি দেশটির সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব পালন করেন।
ইরানের রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, ৪ জুলাই তেহরানে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে বিভিন্ন পর্যায়ের শোকানুষ্ঠান শেষে ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।




