জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)-এর ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার (২৯ জুন) রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।

সংগঠনের কার্যক্রমকে আরও শৃঙ্খলাবদ্ধ, গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

গঠনতন্ত্র অনুমোদনের পর সংগঠনের কমিটি পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান।

সভায় ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং দেশের আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সম্পৃক্ততায় ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।

এছাড়া সংগঠনের সাধারণ সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে সদস্য নিবন্ধন ফরম উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশের আইসিটি খাতের আগ্রহী পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনের সদস্য হওয়ার সুযোগ পাবেন।

সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে কাজ করে যাবে। সভা শেষে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রেখে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।