স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ 

স্কুল ফিডিংয়ের খাবার আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ 

‘স্কুল ফিডিং’ কর্মসূচির সামগ্রী আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক অফিস আদেশে আজ অভিযুক্ত এই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তার কোমলমতি শিশুদের স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দকৃত ২৪টি ডিম এবং ২২ প্যাকেট বিস্কুট অনৈতিকভাবে নিজের বাসায় নিয়ে যান।

বিষয়টি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে, তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে। গণমাধ্যমে খবর প্রকাশের পর পরই অধিদপ্তর দ্রুততম সময়ে এই শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করে।

বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষককে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ মোতাবেক আগামী ৩ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব সশরীরে দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ও যৌক্তিক জবাব প্রদানে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বরাত দিয়ে মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণে সরকারের গৃহীত ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা আত্মসাতের চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। বর্তমান সরকার সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করতে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।