জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু

জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় দেশসেরা নওগাঁ মান্দার সুমনা কুন্ডু
জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ‘আন্তঃ পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬’-এ দেশাত্মবোধক গানে প্রথম এবং রবীন্দ্র সংগীতে তৃতীয় স্থান অধিকার করে গৌরব অর্জন করেছেন নওগাঁর মান্দা উপজেলার কৃতী সন্তান সুমনা কুন্ডু। তিনি মান্দা উপজেলার পশ্চিমপাড়া খুদিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
গত ১৩ জুন ২০২৬ তারিখে ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার বিতরণ করা হয়।
রাজধানীর মাল্টিপারপাস কনফারেন্স হল রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী সুমনা কুন্ডুর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সাখাওয়াত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিস শাহীনা ফেরদৌসী।
জাতীয় পর্যায়ে সারা দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দেশাত্মবোধক গানে প্রথম এবং রবীন্দ্র সংগীতে তৃতীয় স্থান অর্জন করায় সুমনা কুন্ডুকে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
ব্যক্তিগত জীবনে সুমনা কুন্ডু নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারের বাসিন্দা এবং মান্দা উপজেলা বিএনপির বিশিষ্ট নেতা মনোজিৎ কুমার সরকারের একমাত্র পুত্রবধূ। তাঁর স্বামী প্রসেনজিৎ কুমার সরকার পেশায় একজন ব্যাংকার।
জাতীয় মঞ্চে এই অনন্য অর্জনের পর এক প্রতিক্রিয়ায় সুমনা কুন্ডু বলেন, “জাতীয় পর্যায়ে নিজের উপজেলা ও জেলাকে প্রতিনিধিত্ব করতে পারা এবং সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করা অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই সাফল্য আমার একার নয়, এর পেছনে আমার পরিবার ও সহকর্মীদের অনুপ্রেরণা রয়েছে। আমি আগামীতেও এই ধারা বজায় রাখতে সবার আশীর্বাদ ও দোয়া প্রার্থী।”
এদিকে সুমনা কুন্ডুর এই অসামান্য সাফল্যে পশ্চিমপাড়া খুদিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রসাদপুর বাজারসহ সমগ্র মান্দা উপজেলায় আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এলাকার সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।