বাংলা লোকসংগীতের ঐতিহ্যকে তৃণমূল পর্যায়ে বাঁচিয়ে রাখা লোকশিল্পীদের পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমধুর কণ্ঠের জাদুতে ভাইরাল হওয়া গুণী শিল্পী ‘লাইলী বাউল’-এর শিল্পসাধনার স্বীকৃতি ও তাঁর কল্যাণে হাত বাড়িয়ে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
মন্ত্রী আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লাইলী বাউলের হাতে ৩ লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন।
চেক বিতরণ শেষে মন্ত্রী লাইলী বাউলের কণ্ঠে লোকগান ও বাউল গান উপভোগ করেন। গুণী এই শিল্পীর প্রতিভার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিভাগুলো এমনই হয়, শত বাধা উপেক্ষা করেও তারা প্রকাশিত হয়; যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। তিনি আরো যোগ করেন, আমাদের লোকজ সংস্কৃতি ও বাউল গান এদেশের প্রাণ। প্রান্তিক পর্যায়ের এমন সুপ্ত প্রতিভাদের মূল্যায়ন ও তাঁদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।




