ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়ল সেনেগাল

ইরাককে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইতিহাস গড়ল সেনেগাল

২০২৬ ফিফা বিশ্বকাপে এশিয়ার পরাশক্তি ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে সেনেগাল। টরন্টোতে অনুষ্ঠিত ‘আই’ গ্রুপের ম্যাচে বদলি খেলোয়াড় পাপে গেয়ের জোড়া গোলের পাশাপাশি আব্দুল্লায়ে সেক, ইসমাইলা সার ও ইলিমান এনদিয়ায়ে একটি করে গোল করেন। এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে এক ম্যাচে পাঁচ গোল করার অনন্য কীর্তি গড়েছে আফ্রিকার লায়নরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। এর ফলও আসে দ্রুত। চতুর্থ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডিফেন্ডার আব্দুল্লায়ে সেক।

গোল হজমের ধাক্কা সামলানোর আগেই আরও বড় বিপদে পড়ে ইরাক। ১৩তম মিনিটে পাল্টা আক্রমণে গোলের স্পষ্ট সুযোগে থাকা সাদিও মানেকে ফাউল করেন ডিফেন্ডার রেবিন সুলাকা। এতে সরাসরি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠের বাইরে পাঠান রেফারি। ১০ জনের দলে পরিণত হলেও প্রথমার্ধে আর কোনো গোল হজম করেনি ইরাক।

দ্বিতীয়ার্ধে অবশ্য পুরোপুরি ভেঙে পড়ে এশিয়ার দলটি। ৫৬তম মিনিটে জিদান ইকবালের ভুলের সুযোগ কাজে লাগিয়ে লামিন কামারার পাস থেকে সহজ ফিনিশে ব্যবধান ২-০ করেন ইসমাইলা সার।

এর মাত্র তিন মিনিট পর রক্ষণভাগের আরেকটি ভুলের সুযোগ নিয়ে দুর্দান্ত শটে নিজের প্রথম গোল করেন বদলি মিডফিল্ডার পাপে গেয়ে। ৭১তম মিনিটে বক্সের ভেতর আলগা বল পেয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি।

ম্যাচের ৮২তম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া শক্তিশালী শটে ইরাকের জালে শেষবারের মতো বল জড়ান ইলিমান এনদিয়ায়ে। তার এই গোলেই ৫-০ ব্যবধানের বিশাল জয় নিশ্চিত হয় সেনেগালের।

টানা দুই পরাজয়ের পর পাওয়া এই দাপুটে জয়ে তিন পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে সেনেগাল। একই সঙ্গে সেরা তৃতীয় স্থানধারী আট দলের একটি হিসেবে ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনাও জিইয়ে রাখল আফ্রিকার প্রতিনিধিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।