বগুড়ায় ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে হামলায় শিক্ষার্থী নিহত

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ থামাতে গিয়ে হামলায় শিক্ষার্থী নিহত
বগুড়ায় ফুটবল খেলার বিরোধে শিক্ষার্থী নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলা কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মেটাতে গিয়ে হামলার শিকার হয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ১৬ বছর বয়সী জামিল শেখ।

নিহত জামিল শেখ উপজেলার শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অভিযোগ অনুযায়ী, বিরোধের সময় স্থানীয় যুবক শাকিল (২২) জামিলের ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিল-ঘুষি ও লাথির আঘাতে জামিল মাঠেই গুরুতর আহত হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিল আত্মগোপনে রয়েছেন। তিনি একই এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি ধান-চাতালের ব্যবস্থাপক হিসেবে কর্মরত বলে জানা গেছে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, নিহতের তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, প্রাথমিক তদন্তে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।