নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গরিব ও অসহায় মহিলা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সেলাইমেশিন, বাইসাইকেল ও নগদ টাকায় শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে এই সামগ্রী ও বৃত্তি প্রদান করা হয়।
আজ ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বেলা ১১:০০ ঘটিকায় মান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন, মান্দা, নওগাঁ-এর আয়োজনে অনুষ্ঠিত এই বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (৪৯-নওগাঁ-৪, মান্দা) জনাব ডা: ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আক্তার জাহান সাথী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণ নারীদের স্বাবলম্বী করতে এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া নগদ টাকার শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




