ম্যানগ্রোভ ও জ্বালানি দক্ষতায় বাংলাদেশকে ১২ মিলিয়ন ইউরো দেবে জার্মানি

ম্যানগ্রোভ বন ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়াতে বাংলাদেশকে মোট ১২ মিলিয়ন ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭২ কোটি টাকা। ম্যানগ্রোভ ও জ্বালানি

এ বিষয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ ও জার্মানির মধ্যে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

ম্যানগ্রোভ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় ৫ মিলিয়ন ইউরো

বেটার প্রটেকশন অব ম্যানগ্রোভস, সোয়াম্প ফরেস্টস অ্যান্ড মেরিন এরিয়াস (কানেক্ট)’ প্রকল্প বাস্তবায়নে জার্মানি দেবে ৫ মিলিয়ন ইউরো অনুদান। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭১ কোটি ৫২ লাখ টাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকার মানুষের অংশগ্রহণ বাড়িয়ে সামুদ্রিক ও উপকূলীয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পুনরুদ্ধার এবং টেকসই ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততাও বাড়ানোর লক্ষ্য রয়েছে।

আরও পড়ুনঃ আজ রাখী পূর্ণিমা: ভাই-বোনের ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করার দিন, জেনে নিন পুরো বিধি

জ্বালানি দক্ষতা বাড়াতে ৭ মিলিয়ন ইউরো

অন্যদিকে, ‘এনার্জি এফিশিয়েন্সি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইই৪ডেভ)’ প্রকল্পে জার্মানি দেবে ৭ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০০ কোটি ১২ লাখ টাকা।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

শিল্পকারখানা ও আবাসিক ভবনে জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং বিদ্যুতের অপচয় কমানো হবে প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য। সরকারি ও বেসরকারি খাতের বিভিন্ন অংশীজনকে সম্পৃক্ত করে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও কার্যকর ব্যবস্থাপনা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

এর মাধ্যমে জাতীয় গ্রিডের ওপর বিদ্যুতের চাপ কমানোর পাশাপাশি জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানো এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী জার্মানি

বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে জার্মানি। ১৯৭২ সাল থেকে দেশটি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী।

এ পর্যন্ত জার্মানি বাংলাদেশকে প্রায় ৪ বিলিয়ন ইউরোর আর্থিক ও কারিগরি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নতুন দুটি প্রকল্পের অনুদান পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং জ্বালানি দক্ষতা বৃদ্ধিতে দুই দেশের সহযোগিতাকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।