গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকরা এই র্যালিতে অংশ নেন।
এ সময় সমর্থকদের পরনে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী নীল- সাদা জার্সি। অনেকের হাতে ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা, বিশালাকৃতির ব্যানার এবং প্রিয় তারকা খেলোয়াড়দের প্ল্যাকার্ড। ভুভুজেলা বাঁশির শব্দে পুরো এলাকা এক উৎসবের নগরীতে পরিণত হয়। আর্জেন্টিনা , আর্জেন্টিনা, মেসি, মেসি স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থকা মো: লালন শেখ বলেন, ফুটবল মানেই এক অন্যরকম আবেগ, আর সেই আবেগের বড় অংশ জুড়ে রয়েছে আর্জেন্টিনা । কোটালীপাড়ার মাটিতে আর্জেন্টিনার প্রতি ভক্তদের যে গভীর ভালোবাসা, আজ এই গণজোয়ার তারই প্রমাণ। আমরা বিশ্বাস করি, আমাদের প্রিয় দল সবসময় সুন্দর ফুটবল উপহার দিয়ে কোটি ভক্তের মন জয় করে রাখবে।




